ঢাকা, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

বাংলাদেশ-ভারত বিমান চলাচল শুরু

এয়ার বাবল চুক্তির আওতায় প্রায় চার মাস পর শুরু হলো বাংলাদেশ ও ভারতের মধ্যে ফ্লাইট চলাচল। রবিবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় ১৩৫ জন যাত্রী নিয়ে ভারতের চেন্নাইয়ের উদ্দেশ্যে ছেড়ে যায় ইউএস বাংলার একটি ফ্লাইট।


বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ-বেবিচক জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত দুই দেশের মধ্যে এয়ার বাবল চুক্তির আওতায় ফ্লাইট চলাচল অব্যাহত থাকবে। 


রবিবার ভারতে যাবে আরও দুইটি ফ্লাইট, সেখান থেকে বাংলাদেশে আসার কথা রয়েছে তিনটি ফ্লাইটের। এছাড়া ভারত ও বাংলাদেশের এয়ারলাইনগুলো সপ্তাহে সাতটি করে ফ্লাইট পরিচালনা করবে।


বাংলাদেশের বিমান বাংলাদেশ এয়ারলাইনস ঢাকা-কলকাতা-ঢাকা ও ঢাকা-দিল্লি-ঢাকা রুটে সপ্তাহে দুটি করে মোট চারটি ফ্লাইট পরিচালনা করবে। আর ইউএস-বাংলা এয়ারলাইনস ঢাকা-চেন্নাই-ঢাকা রুটে সপ্তাহে তিনটি ফ্লাইট পরিচালনা করবে।


ভারত থেকে আসা যাত্রীরা ‘বিজনেস ভিসা’ নিয়ে বাংলাদেশে আসতে পারবেন। ভারত থেকে আসা প্রত্যেক যাত্রীকে ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকতে হবে। পাশাপাশি এয়ারলাইনসগুলো তাদের উড়োজাহাজের আসন সংখ্যার সর্বোচ্চ ৯০ শতাংশ যাত্রী পরিবহন করতে পারবে বলেও নির্দেশনা দেয়া হয়েছে।


গত বছরের অক্টোবরে করোনাভাইরাসের সংক্রমণ কমে গেলে প্রতিবেশী দুই দেশের মধ্যে এয়ার বাবলের মাধ্যমে সপ্তাহে ৫৬টি ফ্লাইট চালু হয়েছিল। 


করোনার সংক্রমণ আবার বেড়ে যাওয়ায় চলতি বছরের দেশে দ্বিতীয় পর্যায়ে করোনা সংক্রমণ শুরুর পর গত ১৪ এপ্রিল বন্ধ ঘোষণা করা হয় সব আন্তর্জাতিক ফ্লাইট। ১৬ দিন বন্ধ থাকার পর ১ মে থেকে ১২টি দেশ ছাড়া অন্যদের সঙ্গে আকাশপথ খুলে দেয়া হয়। এই ১২টি দেশের মধ্যে ছিল ভারত।


পরে বিভিন্ন সময় নিষেধাজ্ঞায় থাকা দেশের তালিকা সংযোজন-বিয়োজন হলেও ভারতের সঙ্গে আকাশপথ বন্ধই থাকে।

ads
ads
ads

Our Facebook Page

↑